দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হীরা ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এসময় আনুমানিক ১৫৫.৭৬ গ্রাম ওজনের হীরাসহ সুজাউদ্দিন (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।
আটক ব্যক্তি ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকায় চোরাকারবারিদের কাছ থেকে সংগ্রহ করা ডায়মন্ড যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি আরও জানায়, জব্দকৃত ডায়মন্ড স্থানীয় একটি প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে প্রাথমিকভাবে আসল হিসেবে শনাক্ত করা হয়েছে। উদ্ধারকৃত ডায়মন্ডের আনুমানিক মূল্য ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা।
এছাড়াও তার কাছ থেকে বাংলাদেশি ৫ হাজার ৫৩০ টাকা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ মার্কিন ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ঘড়ি উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত হীরা ও বিদেশি মুদ্রা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
/অ